পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় বৃদ্ধ ইউসুফ আলী (৬৭) হত্যা মামলার তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে র‍্যাবের সহযোগিতায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—টইটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকার চাঁন মিয়ার ছেলে নুরুল কাদের, তার মেয়ে ফাহিমা জান্নাত এবং সুলতান আহমদের মেয়ে সালমা বেগম।

পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে ইউসুফ আলীকে মারধর করে সড়কে আছাড় দেওয়ার অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাবের সহযোগিতায় মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হবে।