চট্টগ্রামের মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ফিশিং বোটে তোলার সময় ৪৮ হাজার কেজি ইউরিয়া সারসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, শুক্রবার রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই থানার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন মীরসরাই। অভিযানের সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে একটি ফিশিং বোটে ইউরিয়া সার স্থানান্তর করা হচ্ছিল।

এ সময় ৯৬০ বস্তায় থাকা মোট ৪৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। কোস্ট গার্ডের হিসাবে জব্দ করা সারের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

একই অভিযানে পাচারকাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়। আটক করা হয় তিনজনকে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সার, ট্রাক, ফিশিং বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।