ডেস্ক নিউজ
চট্টগ্রামের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাস থেকে সদ্য দেশে ফেরা এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ওই যুবকের নাম মোহাম্মদ ফারেজ (২০)।

তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহেবী পাড়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী রামিম গুরুতর আহত হয়েছেন এবং তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। রামিম লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নয়ার পাড়ার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাসের (চট্টগ্রাম-জ ১১-০১৯৩) সঙ্গে চট্টগ্রাম শহর থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের চালক ফারেজ ঘটনাস্থলেই মারা যান এবং অপর আরোহী গুরুতর আহত হন।

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মোটরসাইকেলের এক আরোহীকে মৃত অবস্থায় দেখতে পান।

গুরুতর আহত অপরজনকে পরে হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পটিয়া হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে।

তবে দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটির চালক পালিয়ে গেছেন বলে তিনি উল্লেখ করেন।

বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এই ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক জানান, আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।