সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:
বান্দরবানের আলীকদমে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানা মোস্তাক আহম্মদ (৫৫)-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে লোহার পাইপ দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে শিশুটির বাবার বিরুদ্ধে। পরে ভুক্তভোগী শিশু ও অভিযুক্তকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিষয়টি পুলিশের নজরে আসে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মংচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা এবং তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন অভিযুক্ত। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে পরিবারের কাছে অভিযোগ করে সে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ১০০ টাকা দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
শিশুটির বাবা জানান, শনিবার সকালে মেয়ের কাছে ১০০ টাকার একটি নোট দেখতে পেয়ে তিনি টাকা কোথা থেকে পেয়েছে জানতে চান। একপর্যায়ে শিশুটি আগের দিনের ঘটনা বাবার কাছে খুলে বলে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে লোহার পাইপ দিয়ে তার ডান হাতে আঘাত করেন। এতে অভিযুক্ত আহত হন এবং তার হাত ভেঙে যায় বলে জানা গেছে।
পরে স্বজনরা ভুক্তভোগী শিশু ও অভিযুক্তকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করে।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে শিশুটির পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পুলিশের কাছে পাঠানো হয়েছে।”
আলীকদম থানার ওসি শাহেদ পারভেজ বলেন, “প্রাথমিকভাবে অভিযোগটি অনুসন্ধান করে দেখা হচ্ছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”
