আজিজুর রহমান রাজু, ঈদগাঁও:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোমরিয়াঘোনা এলাকার কৃতী সন্তান ও গাছ ব্যবসায়ী শফি আলম সওদাগরের ছোট ছেলে এস এম আব্দুল্লাহ এমবিবিএস ফাইনাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঈদগাঁও দরগাহ গেট এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, ঈদগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও প্রভাবক হাকিম আলী, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেল, সাংবাদিক মিছবাহ উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ডা. এস এম আব্দুল্লাহকে অভিনন্দন জানান। তাঁরা বলেন, চিকিৎসক হওয়া শুধু একটি পেশাগত অর্জন নয়, মানুষের সেবা ও কল্যাণে কাজ করারও বড় সুযোগ। মেধা, দক্ষতা ও মানবিক মূল্যবোধকে কাজে লাগিয়ে আব্দুল্লাহ ভবিষ্যতে মানুষের পাশে থাকবেন বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবর্ধিত ডা. এস এম আব্দুল্লাহ (এমবিবিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়) তাঁর বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চিকিৎসক হিসেবে কর্মজীবনে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই তাঁর অন্যতম লক্ষ্য। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ডা. এস এম আব্দুল্লাহর উজ্জ্বল ভবিষ্যৎ ও চিকিৎসক জীবনের সাফল্য কামনা করা হয়।