জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারে কর্মরত ৩৯৮ জন এপিবিএন সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। বাংলাদেশ পুলিশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে কক্সবাজার জেলায় কর্মরত এপিবিএনের ৩৯৮ জন সদস্যকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, কক্সবাজারের বিভিন্ন উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ৩৯৮ জন এপিবিএন সদস্যকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।
এদিকে, মাদক সম্পৃক্ততার অভিযোগে এপিবিএন সদস্যদের বদলির আদেশ হওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। সম্প্রতি মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় এপিবিএনের বেশ কয়েকজন সদস্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। এর আগেও এপিবিএনের এক সদস্য ইয়াবার বড় চালান পাচারের সময় স্ত্রীসহ গ্রেপ্তার হয়েছিলেন।
ইয়াবাসহ এপিবিএন সদস্য আটকের ঘটনায় জনমনে নানা নেতিবাচক আলোচনা চলছে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে—এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
