রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

এর আগে শুক্রবার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী মিছিল করার চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হয়। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পাঁচটি ককটেলও উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। পরে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে।

ডিএমপি জানিয়েছে, মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে শনাক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।