সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:

বান্দরবানের আলীকদম উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান জেলা ইউনিট। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রয়োজনীয় খাদ্য ও গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ হলরুমে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ত্রাণ সহায়তার মধ্যে প্রতিটি পরিবারের জন্য ছিল সাত দিনের ফুড প্যাকেজ, এক সেট তৈজসপত্র, একটি তারপলিন, একটি মাদুর, একটি মশারি ও একটি ডিগনিটি কিট। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মুজিবুর রশীদ, সেক্রেটারি দৌলতুল কবির সিদ্দিকী, বান্দরবান জেলা কর্মকর্তা আসাদুল হায়দার চৌধুরী এবং এনডিআরটি (NDRT) ও ওয়াশ (WASH) হেডকোয়ার্টারের রোকসানা তিথি উপস্থিত ছিলেন।

এ ছাড়া আলীকদম উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

সাম্প্রতিক সময়ে টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ধস ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এতে বেশ কিছু পরিবার ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে দুর্ভোগে পড়ে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে রেড ক্রিসেন্টের এ ত্রাণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয়রা বলেন, দুর্যোগের পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে দেওয়া খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী দুর্যোগকবলিত পরিবারগুলোর সাময়িক সংকট মোকাবিলায় সহায়ক হবে।