সিবিএন ডেস্ক:
বান্দরবানের লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাগলখাইয়া হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালো মেশিন (ইঞ্জিন) ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লামা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি শ্যালো মেশিন (ইঞ্জিন) ও বেশ কিছু পাইপ জব্দ করা হয়। পরে জব্দ করা সরঞ্জামগুলো লামা থানায় নেওয়ার কার্যক্রম শুরু করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, শনিবারের অভিযানে জব্দ করা সরঞ্জাম নিয়ে পরবর্তী সময়ে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর জানা যাবে।
