সিবিএন ডেস্ক;

মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে স্লিপার বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি আদালত।

আদালত বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলের অনুমতি দিয়েছে, শুধু সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিআরটিএর আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য (টেকনিক্যাল স্পেসিফিকেশন) নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেউ এসব কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন করলে তা আইনের ৮৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না।