আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারের ভেতর থেকে ৫০ হাজার ৭০টি বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনের অভিযোগে আবুল কালাম (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন আদর্শগ্রাম চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে এর সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পান বিজিবি সদস্যরা।
পরে সিলিন্ডার খুলে পাঁচটি কাটে মোট ৫০ হাজার ৭০টি বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাসহ আবুল কালামকে আটক করা হয়।
আটক আবুল কালাম কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বড় জামছড়ি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল কাশেম।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজিসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদক ও অবৈধ পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান ও তল্লাশি অব্যাহত থাকবে।
