জসিম উদ্দিন টিপু, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ৯ সেপ্টেম্বর ভোর রাত সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল খারাইগ্যাঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ আরাফাত হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক আরাফাত হোসেন হোয়াইক্যং উত্তরপাড়া গ্রামের মো. আনোয়ার চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জি. ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
