আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক এফডিএমএন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটক ব্যক্তির নাম মো. শহিদুল (১৯)। তিনি এফডিএমএন ক্যাম্প-৭-এর ব্লক-বি/২-এর বাসিন্দা। তাঁর বাবার নাম ওমর হামজা।
বিজিবি সূত্র জানায়, গত ২৭ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৩১/২-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে শহিদুলকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাঁকে উদ্ধার করা ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্র আরও জানায়, মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের দুর্গম এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিশেষ টহলও জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ঘুমধুম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
