নিজস্ব প্রতিবেদক:
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন কারা-নির্যাতিত সাংবাদিক মো. আরাফাত রহমান সানি।
রবিবার (৩০ আগস্ট) বিকালে চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান জামাল হোসাইন পান্না টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবে মো. আরাফাত সানির হাতে নিয়োগপত্র, পরিচয়পত্র (আইডি কার্ড), লোগো ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী তুলে দেন।
দীর্ঘ ৯ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আরাফাত সানি জাতীয় দৈনিক যায়যায়দিন, দৈনিক আমার বার্তা, বিজনেস টাইমস ও দৈনিক বাংলাদেশ বুলেটিনসহ কক্সবাজারের অনলাইন নিউজ পোর্টাল ‘Cox’sBazar News (CBN)’-এর টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সাংবাদিক সংগঠনের সাথে সম্পৃক্ত।
এক প্রতিক্রিয়ায় মো. আরাফাত সানি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় যুক্ত হওয়ার পর থেকেই সামাজিক দায়বদ্ধতা থেকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার চেষ্টা করেছি। প্রিন্ট ও অনলাইনের পর এবার ইলেকট্রনিক মিডিয়ায় কাজের সুযোগ পেলাম। অতীতের মতো ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা চ্যানেল এস-এর পর্দায় তুলে ধরতে চাই।”
পেশাগত দায়িত্ব পালনে তিনি সহকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন।
