আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় রুহুল আমিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) রাত ১টার দিকে বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে খোলা মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনজুর আহসানের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শওকত জামিলসহ পুলিশের একটি দল রাত্রীকালীন টহল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির সময় রুহুল আমিনকে হাতেনাতে আটক করা হয়।
পরে তাঁর কাছ থেকে ২১৫ পিস ইয়াবা, ১০ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রুহুল আমিন উত্তর বাইশারী গ্রামের মোশাররফ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে পুরাতন ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় সহযোগীদের নিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন। এর আগেও মাদকসহ তাঁকে দুইবার গ্রেপ্তার করা হয়েছিল।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনজুর আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিসহ পলাতক সহযোগীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
