মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান
সিবিএন ডেস্ক:
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষাকে স্মরণ করে কক্সবাজার সিটি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উদযাপন করা হয়েছে। ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি (২৬ আগস্ট ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে আলোচনা সভা, দোয়া মাহফিল, নাতে রাসুল (সা.) পরিবেশন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ, নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা এবং সকাল সাড়ে ১০টায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
সকাল ১১টায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন ঝিলংজা আর্মি ক্যাম্প জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ ওমর ফারুক।
এরপরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আকতার উদ্দিন চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য দেন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সিটি কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি (বিএমটি) বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী বলেন, “পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ স্মরণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাঁর শিক্ষা মানবিকতা, ন্যায়, সহমর্মিতা ও নৈতিকতার পথ দেখায়। শিক্ষার্থীদের উচিত এসব মূল্যবোধ নিজেদের ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করা।”
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.) শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিকতার যে শিক্ষা দিয়েছেন, তা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আলোচনায় অংশ নেন কক্সবাজার সিটি কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আবুল কালাম, ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি (বিএমটি) বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুল আজিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার জাহেদ এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের একটি অংশে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক । তাঁর সুরেলা ও আবেগঘন পরিবেশনা অনুষ্ঠানের ধর্মীয় আবহকে আরও সমৃদ্ধ করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক কে. এম. সানাউল হক।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি (বিএমটি) বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। কমিটির সদস্য ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার জাহেদ এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের প্রভাষক শহিদুল আলম।
অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কলেজের শিক্ষকরা। কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতার বিচারক ছিলেন ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি (বিএমটি) বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুল আজিম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী। কুইজ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাছির উদ্দিন, সহকারী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী এবং দর্শন বিভাগের প্রভাষক মিজানুর রহমান।
আয়োজিত প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ। দ্বিতীয় স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণির (মানবিক) শিক্ষার্থী মিনহাজুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. দিলদার হোসেন।
কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ। দ্বিতীয় স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণির (মানবিক) শিক্ষার্থী মো. আব্দুল্লাহ এবং তৃতীয় স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণির (মানবিক) শিক্ষার্থী মিজানুর রহমান।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুন নবী। দ্বিতীয় স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণির (বিজ্ঞান) শিক্ষার্থী বিবি মরিয়ম এবং তৃতীয় স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণির (বিজ্ঞান) শিক্ষার্থী ফারিয়া তাসনিম।
পরে কেরাত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ১টায় আপ্যায়নের মাধ্যমে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির সমাপ্তি হয়।
