নিজস্ব প্রতিবেদক:
জেলা লিগ্যাল এইড অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এর মহাপরিচালক এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল হোসেন।
৩১ আগস্ট সকালে পরিদর্শনে গিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিচারপ্রার্থী জনগণের সাথে লিগ্যাল এইড অফিসে বিচার প্রাপ্তিতে সুবিধা-অসুবিধার কথা জিজ্ঞেস করেন। প্রান্তিক জনগণ মহাপরিচালককে বিনা খরচে দ্রুত সময়ে বিচার পাচ্ছেন বলে তাদের মতামত ব্যক্ত করেন। লিগ্যাল এইড অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন মহাপরিচালক।
এরপর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন।
অনুষ্ঠানে মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন লিগ্যাল এইড কার্যক্রম সম্প্রসারণে সকল প্রকার বাজেটসহ প্রনোদনার ব্যবস্থা করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
বাধ্যতামূলক বিচার পূর্ব মধ্যস্থতা কার্যক্রমে কক্সবাজারবাসী অভূতপূর্ব সাড়া দিচ্ছেন। লিগ্যাল এইডের কার্যক্রম যাতে স্বল্প সময়ে আইনে নির্ধারিত তামাদীর বিষয়াবলী বিবেচনায় দ্রুত নিস্পত্তি করা হয় তার উপর গুরুত্বারোপ করেন আইনজীবী সমাজ।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ অভিজিৎ চৌধুরীর সঞ্চালনায়
জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় লিগ্যাল এইড এর সুদূর প্রসারী চিন্তাভাবনা ও দেশে-বিদেশের বিভিন্ন এজেন্সীর সাথে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম সম্প্রসারণে সম্পাদিত চুক্তি সম্পর্কে আলোচনা করেন প্রধান অতিথি।
সেই সঙ্গে দ্রুত লিগ্যাল এইড ভবন নির্মাণের জন্য স্থান নির্বাচন করার নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ, বিজ্ঞ বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-০১, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, আদালত নং-৬ষ্ঠ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোহাম্মদ আবদুল মন্নান ও সেক্রেটারী এড. মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী বক্তব্য রাখেন।
এছাড়া জিপি, পিপি, স্পেশাল মেডিয়েটর, প্যানেল আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণ অনুভূতির কথা প্রকাশ করেন।