সংবাদদাতা, আলীকদম:

বান্দরবানের আলীকদমে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ দশমিক ৫ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অংবাইঅং পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উচম্রা মার্মা (২৪), থোয়াই ম্রা প্রু মার্মা (৪৫), চিংচিং মার্মা (৫৫) ও উকিচিং মার্মা (৩২)। তারা সবাই আলীকদম সদর ইউনিয়নের অংবাইঅং পাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুস ছালামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অংবাইঅং পাড়ায় সন্দেহভাজন মাদক কারবারিদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ১৮ দশমিক ৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ চারজনকে আটক করা হয়।

পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধার করা চোলাই মদের মধ্যে পাঁচ লিটারের একটি বোতল, দুই লিটারের ছয়টি বোতল, এক লিটারের একটি বোতল এবং ৫০০ মিলিলিটারের একটি বোতল রয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ৫ হাজার ৫৫০ টাকা।

পুলিশ জানায়, লাইসেন্স, পারমিট বা পাস ছাড়া অ্যালকোহল উৎপাদন, বহন, সরবরাহ, বিক্রি, ধারণ বা সংরক্ষণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ১০-এর আওতায় নিষিদ্ধ। এ ধরনের বিধান লঙ্ঘনের দণ্ড আইনের ধারা ৩৬-এ নির্ধারিত রয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহা বলেন, উদ্ধার করা চোলাই মদ ও আটক চারজনকে থানায় আনা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।