মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের প্রবীণ আইনজীবী, বিশিষ্ট আইনজ্ঞ, ‘কক্সবাজারের ইতিহাস’ গ্রন্থের লেখক ও গবেষক এবং কক্সবাজার আইন কলেজের প্রাক্তন অবৈতনিক শিক্ষক, সাবেক পিপি অধ্যাপক নুর আহমদ অ্যাডভোকেটের প্রথম মৃত্যুবার্ষিকী ২৬ আগস্ট বুধবার। ২০২৫ সালের এই দিনে ৮২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন জোহরের নামাজের পর কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হকের ইমামতিতে অনুষ্ঠিত বিশাল নামাজে জানাজা শেষে তাঁকে শহরের টেকপাড়া জামে মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ‘অ্যাডভোকেট নুর আহমদ স্মৃতি সংসদ’-এর উদ্যোগে বুধবার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে খতমে কোরআন, দোয়া মাহফিল, মরহুমের কবর জিয়ারত, এতিমদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন ইত্যাদি। অনুষ্ঠানমালায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য ‘অ্যাডভোকেট নুর আহমদ স্মৃতি সংসদ’-এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, অ্যাডভোকেট নুর আহমদের পরিবারের পক্ষ থেকে তাঁর তিন সন্তান—অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ইমতিয়াজ উদ্দিন আহমদ—পিতার মাগফেরাত কামনা করে মহান আল্লাহতায়ালার অসীম রহমত এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

অ্যাডভোকেট নুর আহমদ ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএ অনার্স এবং ১৯৬৬ সালে এমএ পাস করেন। ১৯৭৩ সালের ৩০ জানুয়ারি তিনি কক্সবাজার আইনজীবী সমিতিতে একজন নবীন আইনজীবী হিসেবে যোগদান করেন।

অ্যাডভোকেট নুর আহমদ ছিলেন কক্সবাজারের অন্যতম জ্যেষ্ঠ ও প্রবীণ আইনজীবী। তিনি ছিলেন লেখক ও গবেষক। ‘কক্সবাজারের ইতিহাস’ নামের বিখ্যাত গ্রন্থের রচয়িতা। কক্সবাজার কলেজ, কক্সবাজার আইন কলেজ, ভৈরব কলেজসহ দেশের বিভিন্ন কলেজে অধ্যাপক হিসেবে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

তাঁর পৈতৃক বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ খরুলিয়া গ্রামে। তিনি স্থায়ীভাবে কক্সবাজার পৌরসভার দক্ষিণ টেকপাড়ার পাহাড়তলী রোডে ‘পর্ণলতা’ নামের বাসভবনে বসবাস করতেন।

তাঁর জ্যেষ্ঠ পুত্র অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ কক্সবাজার আইনজীবী সমিতির তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। দ্বিতীয় পুত্র রিয়াজ উদ্দিন আহমদ একজন বিশিষ্ট ব্যাংকার এবং তৃতীয় পুত্র ইমতিয়াজ উদ্দিন আহমদ কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক।