মোঃ আরাফাত সানি, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শিলখালী রেঞ্জের আওতাধীন গহিন পাহাড়ে আহত অবস্থায় পড়ে থাকা একটি বন্য হাতিকে শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করেছে বন বিভাগ। দীর্ঘ সময় ধরে পাহাড়ে কাতরাচ্ছিল হাতিটি। খবর পেয়ে দ্রুত উদ্ধার ও চিকিৎসার উদ্যোগ নেয় বন বিভাগ।

স্থানীয়দের মাধ্যমে বন বিভাগ খবর পায়, শিলখালীর গহিন পাহাড়ে একটি বন্য হাতি আহত অবস্থায় পড়ে আছে। হাতিটি ঠিকমতো হাঁটাচলা করতে পারছিল না। খবর পাওয়ার পর রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের একটি বিশেষ দল পাহাড়ে অভিযান শুরু করে।

দীর্ঘ পথ হেঁটে পাহাড়ি ঝিরি ও ঘন জঙ্গল পেরিয়ে অবশেষে হাতিটির সন্ধান পান বন বিভাগের সদস্যরা। এ সময় তাঁরা হাতিটির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান।

আহত হাতিটি উত্তেজিত ও ভীত অবস্থায় থাকায় সরাসরি চিকিৎসা দেওয়া ঝুঁকিপূর্ণ ছিল। তাই নিরাপদে চিকিৎসা দেওয়ার জন্য ট্যাঙ্কুলাইজার গান প্রয়োগ করে হাতিটিকে অচেতন করা হয়। এরপরই শুরু হয় চিকিৎসা কার্যক্রম।

পরে ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের একটি মেডিকেল দল হাতিটির চিকিৎসা শুরু করে। বন বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে হাতিটির ক্ষতস্থান পরিষ্কার করে প্রয়োজনীয় ওষুধ, ইনজেকশন ও ড্রেসিং দেওয়া হচ্ছে। চিকিৎসক দল হাতিটির শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, হাতিটি কীভাবে আহত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাহাড় থেকে পড়ে গিয়ে, বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে, নাকি অন্য কোনো কারণে আহত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তাঁরা আরও জানান, হাতিটির শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে হাতিটিকে আবারও বনে অবমুক্ত করা হবে।

এ অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সহযোগিতা করেছেন। আহত হাতিটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।