সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের রোয়াম্ভু যোগেন্দ্র কারবারী পাড়া বৌদ্ধ বিহারে অষ্টমবারের মতো শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) নয়াপাড়া এলাকার রোয়াম্ভু যোগেন্দ্র কারবারী পাড়া বৌদ্ধ বিহারে উপাসক-উপাসিকাদের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এ দানোত্তম উৎসব অনুষ্ঠিত হয়।

কঠিন চীবরদান উপলক্ষে ভোর থেকেই বিহারে শুরু হয় নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। পূজনীয় ভিক্ষুসংঘের উপস্থিতিতে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, ধর্মদেশনা ও কঠিন চীবর উৎসর্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক-উপাসিকারা উপস্থিত হয়ে ধর্মদেশনা শ্রবণ করেন এবং জগতের সকল প্রাণীর সুখ-শান্তি কামনায় প্রার্থনা ও চীবর দান করেন।

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও আচার অনুসারে, প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহাপুণ্যবতী বিশাখা কঠিন চীবর দানের প্রবর্তন করেন। সেই প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় রোয়াম্ভু যোগেন্দ্র কারবারী পাড়া বৌদ্ধ বিহারে এবার অষ্টমবারের মতো এ মহাপুণ্যময় উৎসবের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী বর্ষাবাস পালন করেন। বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস পালনকারী বিহারগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। প্রতিবছর এ সময়ে বৌদ্ধ সম্প্রদায়ের উপাসক-উপাসিকারা ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দানোৎসবে অংশগ্রহণ করেন। দান, শীল ও ভাবনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ মহাপুণ্যময় আয়োজন পালন করে থাকেন।