সংবাদ বিজ্ঞপ্তি : বিখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে (মেট থিয়েটার) আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ‘এশিয়ার নোবেল’ হিসেবে খ্যাত ২০২৬ সালে ৬৮তম ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড, আনুষ্ঠানিকভাবে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠাতা রুনা খানের হাতে তুলে দেন দেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের পৌত্র ফ্রান্সিসকো ম্যাগসাইসাই।

৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন এই ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া। তিনি জানান, ২০২৬ সালের র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী টমি কোহ, রুনা খান ও বো চি নিঃস্বার্থ সেবা এবং মহানুভবতার মাধ্যমে প্রকৃত নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জনসেবামূলক কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড-কে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়। তাই অনেকেই একে ‘এশিয়ার নোবেল’ হিসেবে অভিহিত করেন। বৃহত্তম সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান হচ্ছেন বাংলাদেশের ১৪তম ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড বিজয়ী। তাঁর আগে বাংলাদেশের আরও ১৩ জন ব্যক্তি এ সম্মাননা পান।

অ্যাওয়ার্ড পেয়ে নিজের প্রতিক্রিয়ায় রুনা খান বলেন, এই স্বীকৃতি আমার সারা জীবনের বিশ্বাস ও মূল্যবোধকেই সম্মানিত করেছে। আর সেই বিশ্বাস ও মূল্যবোধের জন্য এমন একটি পুরস্কার পাওয়া? এ যেন স্বপ্নের মতো! এটি আমাকে গভীরভাবে বিনয়ী ও কৃতজ্ঞ করেছে। আমার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

এডগার ও. চুয়া বলেন, “টমি কোহ, রুনা খান ও বো চির জীবনপথ ভিন্ন হলেও তাঁদের প্রত্যেকের জীবন আমাদের মনে করিয়ে দেয়, জীবনে আমরা যে সত্যের মুখোমুখি হই, তার পরিপ্রেক্ষিতে আমাদের নেওয়া সিদ্ধান্ত ও কাজই জীবনের প্রকৃত গতিপথ নির্ধারণ করে। তিনি আরও বলেন, এবারের র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ীদের জীবনসংগ্রাম ও অর্জন আমাদের অন্যের দুঃখ-কষ্টের প্রতি সংবেদনশীল হতে এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে।

|ফ্রেন্ডশিপের মাধ্যমে দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবন-জীবিকার সুযোগ তৈরি এবং অন্যান্য মৌলিক সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন রুনা খান। দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠির মাঝে গভীর সহমর্মিতা, সাহস, দূরদর্শিতা এবং অধ্যবসায়ের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠা এবং নেতৃত্ব দেওয়ার স্বীকৃতিস্বরূপ ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠাতা রুনা খানকে সম্মানিত করে ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। পুরস্কার প্রদানকারী সংস্থার মতে, দেশের সবচেয়ে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নিরলস প্রচেষ্টা এবং তাঁদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে রুনা খানের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এমন দর্শন এবং মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবেই ২০২৬ সালে ৬৮তম ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড দেওয়া হয় ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠাতা রুনা খানকে।

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ‘র‌্যামন ম্যাগসাইসাই’ স্মরণে ১৯৫৮ সালে প্রবর্তন করা হয় এ অ্যাওয়ার্ড। সাহস, সততা, জনসেবা এবং এশিয়ার গুরুত্বপূর্ণ মানব উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এশিয়ার ২৪টি দেশ ও অঞ্চলের ৩৫৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সম্মাননায় ভূষিত হন।