সিবিএন ডেস্ক:

কক্সবাজারে পর্যটকদের আকৃষ্ট করতে তিন মাসব্যাপী ব্যতিক্রমী পর্যটন কার্নিভালের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সমুদ্রসৈকত-সংলগ্ন ৩৫ একর ঝাউবাগানজুড়ে এ আয়োজন করা হবে। এতে দিন-রাত ২৪ ঘণ্টা পর্যটকদের জন্য থাকবে নানা ধরনের বিনোদন ও অবকাশযাপনের সুযোগ।

কার্নিভালে ১৬টি থিমভিত্তিক জোন রাখা হচ্ছে। এর মধ্যে রয়েছে ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস জোন, শিশুদের বিনোদন এবং ক্যাম্পিংয়ের ব্যবস্থা। পাশাপাশি যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণে তৈরি করা হবে বালুর ভাস্কর্য। থাকছে স্থানীয় শিল্পীদের কাজ প্রদর্শনের সুযোগও।

এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, ওপেন-এয়ার সিনেমা, গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস, যোগব্যায়াম ও ক্যাম্পফায়ারের মতো আয়োজন থাকবে। পর্যটকদের খাবারের সুবিধার জন্য একসঙ্গে প্রায় তিন হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরার পাশাপাশি এআইভিত্তিক ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এতে সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।

স্পেলবাউন্ড কমিউনিকেশন লিমিটেডের প্রকল্প ও বিজনেস ইন্টিগ্রেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আহমেদ সুপ্রতিম জানান, এ আয়োজনের মাধ্যমে কক্সবাজারে পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে চান তাঁরা। বিশেষ করে সন্ধ্যা ও রাতের বিনোদন কার্যক্রম পর্যটন আকর্ষণে নতুন মাত্রা যোগ করবে।

আন্তর্জাতিক বালুশিল্পী পল হগার্ড ও রেমি হগার্ড এবং স্থানীয় শিল্পী জীবন রায়ও এ আয়োজনের অংশ হিসেবে বালুর ভাস্কর্য তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

হোটেলসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের আয়োজন কক্সবাজারে পর্যটকদের অবস্থানের সময় বাড়াতে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কক্সবাজার হোটেল মালিক সমিতির সহসভাপতি আবু তালেব শাহও পর্যটন খাতের বিকাশে এমন উদ্যোগকে সম্ভাবনাময় বলে মনে করছেন।

আয়োজকদের প্রত্যাশা, তিন মাসের এ কার্নিভাল কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আরও আকর্ষণীয় করে তুলবে।