চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে আলোচনায় আসা ভাইরাল আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিন।
গতকাত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকা থেকে তাকে আটক করা হয়।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ দৈনিক আজাদীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন এম কামাল উদ্দিন। খবর পেয়ে স্থানীয় জনতা ওই বাসা ঘেরাও করে তাকে আটক করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
আটক এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০২৬ সালের অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে এবং ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ জানান, স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
