সিবিএন:
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হলেও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত না হওয়া ব্যক্তিদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন অথবা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু এখনো জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি—এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন করা যাবে।
আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার স্বপক্ষে উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে।
আগ্রহীরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় অথবা জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে সরাসরি আবেদন করতে পারবেন।
গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে পাঠানো হবে।
কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট আহত ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
