টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।
দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পায় কোস্ট গার্ড। এর পরিপ্রেক্ষিতে নাফ নদীতে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি পর্যবেক্ষণ করে সেটিকে থামার সংকেত দেওয়া হয়।
কিন্তু বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল সেটিকে ধাওয়া করে। একপর্যায়ে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকাসংলগ্ন নাফ নদী থেকে বোটটি আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ (৫০) ও নজির আহমদ (৪১)। নুর মোহাম্মদ আবদুল হামিদের ছেলে এবং নজির আহমদ মৃত ঠান্ডা মিয়ার ছেলে।
কোস্ট গার্ড জানায়, মাদকের বিস্তার রোধ এবং পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
