এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার পাঁচ আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজনসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) উখিয়া থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার পাঁচজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে ১৫১ ধারায় তিনজন রয়েছেন।
নিয়মিত মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঘোনারপাড়া এলাকার মো. নুরুল আকতার (৩০), কুতুপালং ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের খায়রুল আমিন (৪২), এজাজুল হাসান (১৯), নুর আলম (৬০) এবং বালুখালী ১০ নম্বর ক্যাম্পের মো. সেলিম (৪৫)।
অন্যদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার ব্যক্তিরা হলেন—রাজাপালং ইউনিয়নের কুতুপালং পিএফ পাড়ার প্রকাশ বড়ুয়া (২৯), পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলার মো. ইসমাইল উদ্দিন আরাফাত (১৯) এবং ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. সলিম (২২)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আটজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
