ডেস্ক নিউজ :
চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
এর আগে, শাহরাস্তি থানা পুলিশের একটি দল মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। পরে তাদের শাহরাস্তিতে নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তার হওয়া তিন যুবলীগ নেতা হলেন— টামটা উত্তর ইউনিয়নের সেতরা গ্রামের আব্দুল মান্নান সর্দারের ছেলে রবিউল হোসেন বাচ্চু (৪৫), তিনি টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের মো. সফিকুর রহমানের ছেলে মো. মানিক হোসেন (৩৯), তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ওয়ারুক গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. মোতাহের হোসেন টিটু (৪৬), তিনি টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ জানিয়েছে, শাহরাস্তি মডেল থানায় গত ২০ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার তদন্তে তাদের সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং গোপনে এলাকায় আসা-যাওয়া করতেন।
তার দাবি, কক্সবাজারে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করতেন এই আসামিরা।
ওসি বলেন, শাহরাস্তিতে এ ধরণের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার তিন আসামিকে একইদিন দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
