চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের চাপায় মনিরুল খালেদ রনি (৪০) নামের এক মোটরসাইকেল রাইডার নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী বাজার স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আবু বক্কর (৩২) নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মনিরুল খালেদ রনি খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি খুটাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল রাইডার হিসেবে যাত্রী আনা-নেওয়া করতেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নম্বর: চট্ট মেট্রো-ব-১১-০৭৬৪) খুটাখালী বাজার স্টেশন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের সামনে পার্কিং করে রাখা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল রাইডার মনিরুল খালেদ রনি ও অপর আরোহী আবু বক্কর গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে আবু বক্করকে চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে এবং রনিকে ঈদগাঁও ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রনিকে রাতেই কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত আনুমানিক আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই সেলিম মিয়া।
অপরদিকে, একই সড়কে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় বাবুল দে (৫৫) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের ডুলাহাজারা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল দে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ার বাসিন্দা মৃত যতীন্দ্র মোহন দের ছেলে। তিনি ডুলাহাজারা বাজারে একটি ফার্মেসি পরিচালনা করতেন। পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে রোগী দেখতেন।
হাইওয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাবুল দে। একই সময়ে তাঁর ছেলে রনি দে অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে ছেলে রনি দে তাঁর বাবাকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন।
পরে আহত বাবুল দেকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যান ছেলে রনি দে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রনি দে বলেন, ‘আমরা ধারণা করছি, রাতের আঁধারে কোনো একটি গাড়ির ধাক্কায় আমার বাবা নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ আশপাশের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে ঘাতক গাড়িটি শনাক্ত করতে সক্ষম হবে।’
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) এসআই মো. সেলিম মিয়া বলেন, মঙ্গলবার রাতে খুটাখালীতে যাত্রীবাহী সৌদিয়া বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। অপরদিকে, একই রাতে ডুলাহাজারা কলেজগেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।