এম. মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ভুয়া ডাক্তার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজন ভুয়া চিকিৎসক, একজন মহিলা ধাত্রী এবং দুটি ফার্মেসি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলমের নেতৃত্বে উপজেলার মালুমঘাট ও চিরিংগা পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মালুমঘাট এলাকার মা-মনি হাসপাতালে মো. আলী আকবর খানকে ভুয়া ডিগ্রি ব্যবহার করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে সার্জারি করা, বিএমডিসি রেজিস্ট্রেশন না থাকা এবং অ্যানেস্থেশিয়ার ডিগ্রি না থাকা সত্ত্বেও বিভিন্ন বেসরকারি হাসপাতালে অ্যানেস্থেশিয়া দেওয়ার অভিযোগে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া চিরিংগা সরকারি হাসপাতালের পশ্চিম পাশে হুসনে আরা নামে এক নারীকে ধাত্রীবিদ্যার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকা সত্ত্বেও মহিলাদের প্রসব করানো এবং অনুমোদনবিহীনভাবে চিকিৎসকের প্যাডে বিভিন্ন ওষুধ লেখার অভিযোগে একই আইনে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
সরকারি হাসপাতাল সড়কের রিদুয়ানুল কবির নিশান নামে একজন ডিএমএফকে অনুমোদনবিহীনভাবে চিকিৎসকের প্যাডে বিভিন্ন ওষুধ লেখার দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সোনালী ট্রেডার্স ফার্মেসিকে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া আল্ট্রাসাউন্ড মেশিন স্থাপন করে আল্ট্রাসনোগ্রাফি কার্যক্রম পরিচালনার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা এবং সেইফ মেডিসিন কর্নার ফার্মেসিকে একই অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেশিওলজি) ডা. মো. মামুন অর রশিদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিসকাত উদ্দীন আহমদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, চকরিয়া থানা পুলিশের একটি দল এবং চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সশস্ত্র আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ সমন্বয়ে ভুয়া চিকিৎসক ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুইজন ভুয়া চিকিৎসক, একজন মহিলা ধাত্রী এবং দুটি ফার্মেসি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
