জসিম উদ্দিন টিপু, টেকনাফ;

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ৬৪ বিজিবির আওতাধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ মো. জানায়েত নামে এক ব্যক্তিকে আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক জানায়েত ক্যাম্প-১৬-এর ব্লক-সি-২, শফিউল্লাহ কাটা এলাকার বাসিন্দা নুর হোসেনের ছেলে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”