পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে যানজট নিরসন ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে দখলকৃত সড়ক ও ফুটপাত পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।

সভায় বাজারের সড়ক ও ফুটপাত দখল করে পণ্যসামগ্রী রাখা, যত্রতত্র যানবাহন পার্কিংসহ বিভিন্ন কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ নিয়ে আলোচনা হয়। বাজারের শৃঙ্খলা, নিরাপত্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে এম. বাহাদুর শাহ বলেন, পথচারী ও ব্যবসায়ীদের স্বার্থে বাজারের সড়ক ও ফুটপাত চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

প্রধান অতিথি ওসি মো. মেহেদী হাসান বলেন, পেকুয়া বাজারের যানজট ও জনদুর্ভোগ কমাতে ব্যবসায়ীরা আন্তরিকভাবে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইদ্রিস বাদশা, ব্যবসায়ী মঈন উদ্দিন, আসহাব উদ্দিন, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল।

কামরান জাদিদ মুকুট বলেন, পেকুয়া বাজারকে যানজটমুক্ত, নিরাপদ ও ব্যবসাবান্ধব রাখতে ব্যবসায়ী, প্রশাসন ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় ব্যবসায়ীরা সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি জোরদার, পাহারাদারের সংখ্যা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান।

এ ছাড়া পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিও জানান ব্যবসায়ীরা।

সভায় বক্তারা বলেন, পেকুয়া বাজারে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কেনাকাটা ও বিভিন্ন কাজে আসেন। সড়ক ও ফুটপাত দখল হয়ে গেলে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। এতে যানজট ও জনদুর্ভোগ বাড়ে। তাই সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি নিয়মিত তদারকি এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

ব্যবসায়ীরা জানান, বাজারের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের উদ্যোগে তারা সহযোগিতা করবেন। তবে অভিযান যেন নিয়মিত এবং সবার ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করা হয়, সে বিষয়েও গুরুত্ব দেন তারা।