জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল খারাইগ্যাঘোনা এলাকার জনৈক শোয়েবের মৎস্যঘেরের পাশ দিয়ে কারেন্ট জাল নিয়ে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করতে দেখে সন্দেহ করে। পরে বিজিবির বিশেষ টহল দল ওই ছদ্মবেশী জেলেকে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

আটক ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকার মো. রাশেদ আহমদ ও খতিজা বেগমের ছেলে মো. শফিউল আলম (১৮)।

৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।