পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া পৌরসভার ব্যস্ত আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

পথচারীদের চলাচল স্বাভাবিক করা, সড়কে যানজট কমানো এবং জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা চার ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন অংশে ফুটপাত দখল করে স্থাপিত দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এতে দীর্ঘদিন দখলে থাকা ফুটপাতের কিছু অংশ পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, পেকুয়া বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশের ফুটপাত দখল করে দোকানপাট বসানোয় পথচারীদের সড়কের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছিল। এতে একদিকে যেমন নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছিল, অন্যদিকে সড়কে অতিরিক্ত চাপ তৈরি হয়ে যানজটের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বাজারের ব্যস্ত সময়ে এ সমস্যা আরও প্রকট হয়ে উঠত।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, পেকুয়া বাজারের ফুটপাত দীর্ঘদিন ধরে দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। ফলে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল এবং যানজটও বাড়ছিল।

তিনি বলেন, “গত ১৫ সেপ্টেম্বর যুবদল নেতা কামরান জাদিদ মুকুট নবগঠিত পেকুয়া পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আমাদের কাছে একটি লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতেই আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”

তিনি আরও বলেন, ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে যাতে কেউ ব্যবসা পরিচালনা করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে।