আগামী ১৭ সেপ্টেম্বর আন্ত মন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয় ও নির্বাচন কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক হবে। শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় ইনপুট নেওয়া হবে। এরপর এসব মতামতের ভিত্তিতে কমিশন নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে।

মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে কি না এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর প্রয়োজনীয় ইনপুট পাওয়ার ভিত্তিতে কমিশনই এ বিষয়ে বিস্তারিত জানাবে।

এ নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, আলোচনা তো একটা চলমান প্রক্রিয়া। কার সঙ্গে কখন, কিভাবে আলোচনা হয়েছে, এ বিষয়ে এই মুহূর্তে বাড়তি কোনো মন্তব্য করতে রাজি নন তিনি।

এদিকে, স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্যের বিষয়ে পাল্টা মন্তব্য করতে রাজি নয় বলেও জানিয়েছেন ইসি সচিব।

ইসি সচিব বলেন, ‘উনি যেটা বলেছেন সেটা শিরোধার্য।

তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না। নো কমেন্টস ফ্রম মাই সাইড।’
এর আগে, সচিবালয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের ভোটের সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না বলে মন্তব্য করেন।