সিবিএন ডেস্ক:
কক্সবাজারে ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পাঠানো একটি আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে দেওয়া আধা-সরকারি পত্রটিও তিনি প্রকাশ করেন।
পত্রে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে থাকা বিপুল সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ প্রয়োজন। কিন্তু এ ক্ষেত্রে দেশে এখনও উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এ প্রেক্ষাপটে কক্সবাজারে ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে।
প্রস্তাবে বলা হয়, নতুন করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় দীর্ঘ সময়, বিপুল অর্থ ও পৃথক অবকাঠামোর প্রয়োজন হবে। তাই কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বিদ্যমান অবকাঠামো, ল্যাবরেটরি, গবেষণা সুবিধা, বৈজ্ঞানিক জনবল, প্রশিক্ষণ পরিবেশ ও উপকূলভিত্তিক গবেষণা কাঠামো কাজে লাগিয়ে প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম চালু করা যেতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রীর পত্রে বলা হয়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যমান জাতীয় সামুদ্রিক গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের ব্লু ইকোনমি খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে উঠবে।
পত্রের শেষে কক্সবাজারে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বিদ্যমান একাডেমিক ও গবেষণা সুবিধার ওপর ভিত্তি করে ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি কামনা করা হয়।
