শেফাইল উদ্দিন, কক্সবাজার :
কক্সবাজারের ঈদগাঁওয়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদারের নির্দেশনায় এবং এসআই মো. আজিমুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঈদগাঁও রেলস্টেশন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন—তানভীর হাসান (২০), রিয়াজ উদ্দিন তুষার (২৪), মো. সাহেদ (২২), শাহীনুর রহমান (২১), জাহেদ মিয়া (২৬), আমজাদ হোসেন (২৭) ও মো. মিকদাত (২৩)। তারা সবাই ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশের দাবি, গভীর রাতে রেলস্টেশন এলাকায় অবস্থানের বিষয়ে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। বড় ধরনের অপরাধ প্রতিরোধের লক্ষ্যে তাদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে, রেলস্টেশন এলাকায় অভিযানের পর ইসলামপুর ইউনিয়নের খানঘোনা এলাকায় আরেকটি ঝটিকা অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ফেরদৌস ওয়াহিদ (২৪) নামে এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিপজ্জনক ‘হেক্সা ফোল্ডিং ছোরা’ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ফেরদৌস ওয়াহিদ দক্ষিণ খানঘোনা (নাপিতখালী) এলাকার মো. ইসলামের ছেলে। তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, “এলাকার সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের অপরাধকর্মে বাধা দেওয়া এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঈদগাঁও থানা পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।”
