পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া পৌরসভার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে (পেকুয়া বাজার) ব্যবসায়ী মো. কাইছার উদ্দিনের মালিকানাধীন একটি করাতকলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ৩টার দিকে লাগা আগুন মাত্র ১০ মিনিটের মধ্যেই করাতকল ও মজুত করা বিপুল পরিমাণ কাঠ পুড়িয়ে ছাই করে দেয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
স্থানীয় কাঠ ব্যবসায়ী ও করাতকল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো ব্যবসা শেষে রাতে করাতকল বন্ধ করে বাড়িতে চলে যান কাইছার উদ্দিন। তাঁর করাতকলে চারজন শ্রমিক কাজ করলেও রাতে সেখানে কেউ থাকেন না।
রাত আনুমানিক সোয়া ৩টার দিকে বাজারের এক পাহারাদার করাতকলের দিকে আগুন জ্বলতে দেখতে পান। পরে তিনি কয়েকজন ব্যবসায়ীকে বিষয়টি জানান। খবর পেয়ে ব্যবসায়ীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অল্প সময়ের মধ্যেই করাতকল ও মজুত করা কাঠের বড় একটি অংশ পুড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, করাতকলে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। তাদের দাবি, এমনভাবে আগুন দেওয়া হয়েছে, যাতে শুধু ওই করাতকলটিই ক্ষতিগ্রস্ত হয়।
ব্যবসায়ী মো. কাইছার উদ্দিন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন ব্যবসায়ী ফোন করে তাঁর করাতকলে আগুন লাগার খবর দেন। পরে তিনি বাড়ি থেকে ঘটনাস্থলে এসে দেখেন, করাতকল ও মজুত করা কাঠ পুড়ে গেছে। এতে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কাইছার উদ্দিন বলেন, “আমি প্রায় ১৫ বছর ধরে ব্যবসা করে আসছি। কারও সঙ্গে আমার কোনো ধরনের শত্রুতা নেই, ব্যবসায়িক দ্বন্দ্বও নেই। আগুন দেওয়ার আগে দুর্বৃত্তরা করাতকলে পেট্রোলজাতীয় কোনো দাহ্য পদার্থ ছিটিয়ে থাকতে পারে বলে আমার ধারণা।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাইছার উদ্দিন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
