আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উৎসবমুখর পরিবেশে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা ভূমি অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রশাসক মাহবুবে ইলাহি প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. এনামুল হাসান বলেন, “বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল ও স্মার্ট ব্যবস্থাপনা চালু করেছে। এখন সাধারণ মানুষ ঘরে বসেই ই-নামজারি এবং ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করতে পারছেন। ভূমি সেবা মেলার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবার সঙ্গে পরিচিত করা এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা।”

সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, হেডম্যান, কারবারি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।