জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২১ সেপ্টেম্বর) মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পদুয়া ইউনিয়নের ধলিবিলা ৮ নম্বর ওয়ার্ডের আবু সুফিয়ানের ছেলে আব্দুল আল নোমান (২০), পশ্চিম বাঘমুড়া ৬ নম্বর ওয়ার্ডের সোলতান আহমদের ছেলে ওমর ফারুক (২৫), একই এলাকার মো. মহসিনের ছেলে মো. জহিরুল ইসলাম টিপু (২৪) এবং আমিরাবাদ ইউনিয়নের হাজিরপাড়া এলাকার সাহাদুল আলমের ছেলে রাজিবুল হাসান (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে লোহাগাড়া থানায় দায়ের করা মামলায় (মামলা নম্বর-২৮, তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬) সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
