এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া
কক্সবাজারের উখিয়ায় থানা পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়মিত মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্থানীয় বাসিন্দার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাও রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজার পৌরসভার বড়বাজার পেশকারপাড়ার মো. আরিফুল ইসলাম আরিফ (৩৩), মহেশখালীর সোনাদিয়া এলাকার মো. মঞ্জুর আলম মঞ্জু (৩৮), উখিয়ার পালংখালীর পশ্চিম আঞ্জুমানপাড়ার মো. রমজান আলী (১৭), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬-এর মোহাম্মদ ইউনুছ (৪১) এবং ক্যাম্প-২/ওয়েস্টের নুরুল আমিন (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৭ বছর বয়সী একজন শিশু রয়েছে, যাকে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে।
উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার জানান, গ্রেপ্তারকৃত পাঁচজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
