মো. আরাফাত সানি, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক তিনটি অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১১ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলার জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখা যায়। এ সময় বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অ্যাম্বুশে অবস্থান নেয়। নৌকা থেকে ৭-৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়াবনের ভেতরে অবস্থান নেয়।

পরে বিজিবির অপর একটি টহল দল স্পিডবোটে করে কেওড়াবনের দিকে এগিয়ে গেলে মাদক কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালিয়ে সামনে এগিয়ে যায়। একপর্যায়ে মাদক কারবারিরা বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় ফেলে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবাসহ মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উখিয়ার পশ্চিম আঞ্জুমানপাড়া গ্রামের বাসিন্দা।

এ ছাড়া রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. হোসাইন (২০) নামে একজনকে আটক করা হয়। তিনি চকরিয়ার পূর্ব পালাকাটা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে বাহিনীটি। সীমান্তে মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বিজিবি অধিনায়ক মাদক চোরাকারবারিদের অবস্থান ও সংশ্লিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হবে।