সিবিএন ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে একজন সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে চক্রের সদস্যদের সঙ্গে গুলিবিনিময় হয়। এতে একজন সেনাসদস্য নিহত হন।
অভিযানকালে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৭ জনকে উদ্ধার করে যৌথ বাহিনী।
এদিকে, মানবপাচার চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
তবে নিহত সেনাসদস্যের পরিচয়, গ্রেপ্তার তিনজনের নাম-পরিচয় এবং অভিযানের সুনির্দিষ্ট সময় সম্পর্কে আইএসপিআরের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
