নিজস্ব প্রতিবেদক

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী শুরু হয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের আওতায় মহেশখালীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) মহেশখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহিরপাড়া থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান-মাহমুদ-ডালিম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান-মাহমুদ-ডালিম বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে হবে। প্রকৃত আর্থসামাজিক অবস্থা যাচাই করে তথ্য সংগ্রহ করতে হবে, যাতে কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে এবং ভুল তথ্যের ভিত্তিতে কেউ সুবিধা না পায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা বিএনপি নেতা জাহেদুল হক নাহিদ, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবাল এবং বিএনপি নেতা কাইছারুল হক মনি। এ ছাড়া ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে পরিবারের সদস্যসংখ্যা, আর্থসামাজিক অবস্থা ও অন্যান্য নির্ধারিত তথ্য সঠিকভাবে প্রদান করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্য সংগ্রহের জন্য কোনো অর্থ দেওয়ার প্রয়োজন নেই; ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

মহেশখালীতে মাঠপর্যায়ের এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় দরিদ্র পরিবারগুলোর তথ্য সংগ্রহ করে সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রমে যথাযথ যাচাই-বাছাই ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়িত করা হবে জানায়।