মো. আরকান, পেকুয়া;
কক্সবাজারের পেকুয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রাথমিক পর্যায়ে তিনটি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় দুইজন সুপারভাইজার ও ১৩ জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করবেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটায় পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক পর্যায়ে রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হবে। মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট পরিবারের তথ্য সংগ্রহের পাশাপাশি তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, ডিজিটাল অন্তর্ভুক্তি, সংগৃহীত তথ্যের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হবে।
প্রেস কনফারেন্সে বক্তব্য দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এবং পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনচারী।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে দায়িত্বশীলতা ও নির্ভুলতা নিশ্চিত করা জরুরি। বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত তথ্য সংগ্রহের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোর সঠিক তথ্য নথিভুক্ত করতে হবে। একই সঙ্গে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও তথ্যের নিরাপত্তা বজায় রাখতে হবে।
তারা এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপরও গুরুত্বারোপ করেন, যাতে তথ্য সংগ্রহের সময় সংশ্লিষ্ট পরিবারগুলো প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মো. সালাউদ্দিন সোহেল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকের আহমদ, সহকারী সমাজসেবা কর্মকর্তা অনিক নাথ, ইউনিয়ন সমাজকর্মী মো. আমজাদ হোসেনসহ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজার, তথ্য সংগ্রহকারী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
