লামা অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

জীবন ঝুঁকি নিয়ে পাঠদান

প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০৬ , আপডেট: ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০৮

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


মো. এমরান, লামা (বান্দরবান):

বান্দরবানের লামা উপজেলার অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। পিলার, ছাদসহ বিভিন্ন অংশে ফাটল ধরেছে। অনেকদিন আগের এই ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ভবনটি ঝুঁকিপূর্ণ দাবি করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

তবে এই অবস্থার জন্য প্রধান শিক্ষকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এলাকাবাসী।

গত ১১ মে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিদ্যালয়টি পরিদর্শন করেন। স্থানীয় সূত্রের দাবি, এ সময় ভবনটি পরিত্যক্ত ঘোষণা ও নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে প্রায় পাঁচ মাস পরও দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এথোয়াই মার্মা বলেন, তাঁর দৃষ্টিতে ভবনটি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না। লামা উপজেলা শিক্ষা অফিস থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, লামা উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশিস বিশ্বাস জানান, ভবনটি ব্যবহার না করার এবং নিলামের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায় শিক্ষা কর্মকর্তার নির্দেশনা বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রমিজ উদ্দিন রনি বলেন, তিনি সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাবেন বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে, বিদ্যালয়ের সাম্প্রতিক বরাদ্দের অর্থ ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের কেউ কেউ। তাঁরা বরাদ্দের হিসাব ও ব্যয়ের নথিপত্র যাচাই করে দেখার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অনিয়ম বা অর্থ আত্মসাতের অভিযোগের পক্ষে নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

অভিভাবক ও এলাকাবাসীর দাবি, দ্রুত কারিগরি পরিদর্শনের মাধ্যমে ভবনটির নিরাপত্তা যাচাই, প্রয়োজনে বিকল্প স্থানে পাঠদানের ব্যবস্থা এবং নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে। তাঁদের মতে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ জরুরি।