মোঃ ফারুক:
বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৭ হাজার ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুর মোহাম্মদ লিখন নামে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা দিকে উপজেলার মালুমঘাট ইউনিয়নের জলদাশ পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া থানার একটি চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কক্সবাজার থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়।
চালকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে মোটরসাইকেলের চাকার ভেতরে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন তিনি।
পরে মোটরসাইকেলটি মালুমঘাট বাজারের একটি টায়ার ওয়ার্কশপে নিয়ে সামনের ও পেছনের চাকা খুলে তল্লাশি চালানো হয়। এ সময় টায়ারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৮টি প্যাকেট থেকে ১৭ হাজার ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরিফুর রহমান জানান, কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলের চাকায় লুকিয়ে সেগুলো শরীয়তপুরে নিয়ে যাচ্ছিলেন গ্রেপ্তার ব্যক্তি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।