জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
টেকনাফের হ্নীলা পানখালী এলাকার প্রবীণ মুরব্বী হাজী আবুল হাশেম ওরফে আব্দুল আশির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর (জুমাবার) হ্নীলা আল জামেয়া দারুল সুন্নাহ মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় শোকার্ত মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তীব্র গরম উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মুসল্লীরা জানাযার নামাজে শরীক হয়েছেন।
জানাযার নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জানাযা শেষে পানখালীর প্রবীণ এই মুরব্বীর লাশ মা-বাবা ও প্রিয়তমা স্ত্রীর কবরের পাশে চির নিন্দ্রায় শায়িত করা হয়েছে।
এলাকাবাসী সুত্র জানায়, গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে নিজের বসতভিটার সামনে মাটি ভর্তি ডাম্পারের ধাক্কায় পানখালী এলাকার মৃত আব্দুল কাদের ও মৃত সোনা বানের ছেলে হাজী আব্দুল হাশেম ওরফে আব্দুল আশি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫বছর। তিনি ৭ছেলে ও মেয়ের জনক। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে পানখালী এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী হাজী আবুল হাশেমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শতবর্ষী এই মুরব্বীকে হারিয়ে পাড়া প্রতিবেশী এবং স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।
মরহুমের নাতি টেকনাফ উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি ও স্থানীয় মেম্বার হোছাইন আহমদ জানান, পুরো পানখালীর এলাকার মুরব্বীকে আমরা হারালাম। তিনি (আবুল হাশেম নানা) ছিলেন বংশের প্রদীপ ও সকলের মুরব্বী। প্রসঙ্গত: আবুল হাশেম ওরফে আব্দুল আশির কনিষ্ঠ ছেলে নুরুল আলম নুরু, হ্নীলা ইউনিয়ন যুবলীগের বর্তমান সভাপতি।
