অনলাইন ডেস্ক:
সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ, হামলা বন্ধের আহ্বান ঢাকার
সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ মানুষকে লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এসব আক্রমণ নিরীহ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করে।
এ পরিস্থিতিতে সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে হুথিদের এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানিয়েছে ঢাকা।
বিজ্ঞপ্তিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বও তুলে ধরা হয়েছে।
