পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব কুমার সুশীলসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবার পেকুয়া উপজেলায় ৬টি মণ্ডপে প্রতিমা পূজা এবং ৩টি মণ্ডপে ঘট পূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
ইউএনও রফিকুল ইসলাম বলেন, দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনায় কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
